শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
শুক্রবার , ২১ আগস্ট ২০২৬
হোমজাতীয়বিচার-সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সংকটে পড়বে দেশ: প্রধান উপদেষ্টা

বিচার-সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সংকটে পড়বে দেশ: প্রধান উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
বিচার-সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের পুরোনো সংকটে পড়বে দেশ: প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে আবারও পুরোনো সমস্যাগুলো ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে। দায়িত্ব নেওয়ার পর নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পথে সরকার এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।


প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানান, নির্বাচনের পর ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা তাদের নেই। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জাতির প্রত্যাশা পূরণ করাই মূল লক্ষ্য, আর এজন্য সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি বিষয়কে সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচন ও সংস্কার—কোনটি আগে হওয়া উচিত? এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, “যদি আমরা নির্বাচন দিয়েই শুরু করি, তাহলে সংস্কার বা বিচারের আর প্রয়োজন মনে হবে না। নির্বাচন হয়ে গেলে সব ক্ষমতা নির্বাচিতদের হাতে চলে যাবে। তখন বাকি কাজগুলো না হলে পুরোনো সমস্যাগুলো আবার ফিরে আসবে, যা ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করতে পারে। সেই প্রক্রিয়া কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করবে না।”


আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও মত দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে একটি সমন্বিত অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।