জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন— রানা মিঠুন (২৫) ও মো. মোক্তার (৬৩), দুজনই ওই এলাকার বাসিন্দা।
অভিযানে ২০০ পিস ইয়াবা, ১৩টি ককটেল, ২৩৬ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ৩০টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং নগদ ১ কোটি ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা টাকা ও মালামাল মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।