আজ শুভ জন্মাষ্টমী: ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্যাপন করছে সনাতন সম্প্রদায়
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ (শনিবার, ১৬ আগস্ট)। দিনটি উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ–উৎসব এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছে।
হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাই তিনি ভগবানের মর্যাদায় অধিষ্ঠিত। বিশ্বাস করা হয়, পৃথিবীতে যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই ধর্ম রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে আবির্ভূত হন।
দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন বেসরকারি চ্যানেলে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে, আর সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ নিবন্ধ।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার এক বাণীতে তিনি বলেন, শ্রীকৃষ্ণ ন্যায়, মানবপ্রেম ও শান্তির বার্তা প্রচার করেছেন, যা সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় চিরকাল প্রেরণা জোগাবে। সমাজে ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা বের হবে। রাজধানীর পলাশীর মোড়ে মিছিলের উদ্বোধন করবেন তিন বাহিনীর প্রধানরা। রাতে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রীকৃষ্ণপূজা।