সীতাকুণ্ডে আগুনে জাহাজের সরঞ্জামের তিন দোকান পুড়ে ছাই
চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির তিনটি দোকান। শুক্রবার (১৫ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হঠাৎই পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম বিক্রির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মহাসড়কের পাশে হওয়ায় আগুন ও ধোঁয়ার কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।