বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র- বিস্ফোরক উদ্ধার

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র- বিস্ফোরক উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র- বিস্ফোরক উদ্ধার

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লায় অবস্থিত ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরকের খোঁজে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।


কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৬), যিনি রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অভিযানে অনিন্দ্যসহ দুজনকে যৌথবাহিনী হেফাজতে নিয়েছে। অভিযোগ রয়েছে, চাচাতো ভাই ও সাবেক মেয়র লিটনের প্রভাবেই দীর্ঘদিন অনিন্দ্য রাজনৈতিক ও জঙ্গি কর্মকাণ্ডে ছাড় পেয়েছিলেন।


অনিন্দ্যের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার অভিযোগ ছিল। ২০১৬ সালে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার বিষয়েও স্বীকারোক্তি নিয়েছিল। গুলশানের হলি আর্টিজান হামলার তদন্তেও তার সম্পৃক্ততার তথ্য পায় গোয়েন্দারা। তবে অভিযোগ রয়েছে, প্রভাবশালী আত্মীয়ের কারণে পরবর্তীতে মামলাগুলো থেকে তার নাম বাদ দেওয়া হয়।


গত কয়েক বছর ধরে অনিন্দ্য নিজের বাড়ির পাশে টিনশেডে ডক্টর ইংলিশ কোচিং সেন্টার চালু করেন। অভিযোগ অনুযায়ী, তিনি সেখানে শিক্ষার আড়ালে গোপনে অস্ত্র ও বিস্ফোরক মজুদ ও তৈরির কাজ চালিয়ে যাচ্ছিলেন।


অভিযানে ইতোমধ্যে কোচিং সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে— দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, কার্টুজ, তিন বাক্স শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রেজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোক্যুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫ বোতল মদ।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমান জানান, সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান এখনো চলছে। অভিযান শেষে সেনাবাহিনী বিস্তারিত তথ্য জানাবেন।