“সক্রিয় রাজনীতিতে যাওয়ার ইচ্ছা নেই” — প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চান না। এমনকি আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও তার প্রার্থিতা দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। গত শুক্রবার (১৫ আগস্ট) বার্তা সংস্থার অনলাইন ভার্সনে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
ড. ইউনূস বলেন, জনগণের অনুরোধ ও ইচ্ছাতেই প্রধান উপদেষ্টার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ে সংস্কার এজেন্ডা বাস্তবায়নই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসের অভ্যুত্থান-পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তি প্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এ মাসের শেষ দিকে ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রকাশ হতে পারে বলেও জানান তিনি।
রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থেকে আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রভাব বিস্তার করতে সক্ষম দেশটি। দীর্ঘদিনের এই সংকট সমাধানে মালয়েশিয়ার পাশে থাকা জরুরি।
উল্লেখ্য, গত ১১ আগস্ট তিন দিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা। এ সফরে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়।