নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট : রিজওয়ানা হাসান
সরকার নির্বাচন বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে একনেক সভায় অংশ নেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসাব-নিকাশ ও বক্তব্য থাকলেও সরকারের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে প্রশ্নে তিনি জানান, এ বিষয়ে কোনো লিখিত নির্দেশনা বা উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। এর সঙ্গে নির্বাচনেরও কোনো সম্পর্ক নেই।
এছাড়া সিলেটে পাথর লুটের ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন, এতে প্রশাসনের যোগসাজশ বা নীরবতা থাকতে পারে। প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত সিদ্ধান্ত হবে।