শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিশ্বনয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক বাতিল, শুল্ক আলোচনায় অনিশ্চয়তা

নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক বাতিল, শুল্ক আলোচনায় অনিশ্চয়তা

favicon
অনলাইন সংস্করণ
নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত বৈঠক বাতিল, শুল্ক আলোচনায় অনিশ্চয়তা

আগস্টের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শুল্ক সংক্রান্ত বৈঠক। কিন্তু ২৫ থেকে ২৯ আগস্ট নির্ধারিত এই বৈঠক বাতিল হয়েছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও বার্তা সংস্থা রয়টার্স। তবে কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে, তা এখনো জানা যায়নি।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিরা আগস্টের শেষে ভারতে গিয়ে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু বৈঠক বাতিল হওয়ায় ২৭ আগস্টের আগে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা নেই। সেদিন থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


ভারতের গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নির্ধারিত বৈঠক বাতিল হলেও আলোচনাটি পরে হতে পারে। এনডিটিভির প্রতিবেদনেও বলা হয়েছে, প্রস্তাবিত বাণিজ্য চুক্তির জন্য নতুন তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে।


এদিকে নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, তাদের কাছে এ বিষয়ে বাড়তি কোনো তথ্য নেই। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


উল্লেখ্য, রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুতে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। এটি কার্যকর হলে শুল্কের মোট হার দাঁড়াবে ৫০ শতাংশে, যা যুক্তরাষ্ট্রের অন্য কোনো বাণিজ্য অংশীদারের তুলনায় সর্বোচ্চ।


২০২৪ সালে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ২১ হাজার ১২৩ কোটি ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ১২ হাজার ৮৯০ কোটি ডলার। বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।