শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন, গ্রামে তোলপাড়

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন, গ্রামে তোলপাড়

favicon
অনলাইন সংস্করণ
৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন, গ্রামে তোলপাড়

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক নারীর সঙ্গে বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি নামের এক বৃদ্ধ দিনভর অনশন করেছেন। শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে ওই নারীর বাড়িতে বসেই তিনি অনশন শুরু করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাসেম মুন্সি বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি নতুন করে বিয়ের কথা ভাবছিলেন।


আবুল কাসেম জানান, প্রায় দুই মাস আগে মাহিনুর নামের ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। তখন তিনি মাহিনুরকে বিয়ের প্রস্তাব দেন এবং মাহিনুরও তাতে রাজি হন। এ সময় বিভিন্ন অজুহাতে তিনি তার কাছ থেকে ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু কিছুদিন ধরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন মাহিনুর। ভুল ঠিকানা দিয়ে এড়িয়ে চলেন। অবশেষে কয়েকদিন খোঁজাখুঁজির পর তিনি মাহিনুরের বাড়ি খুঁজে পান এবং সেখানে গিয়ে অনশন শুরু করেন।


স্থানীয়রা জানান, মাহিনুর দীর্ঘদিন ধরে একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। এ জন্য তার শাস্তি হওয়া উচিত বলে দাবি তাদের।


তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মাহিনুর এ অভিযোগ অস্বীকার করেন।


বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ইউপি সদস্য পলাশ ফকির বলেন, নারী মাহিনুর এবং বৃদ্ধ কাসেম—উভয়েই জীবনে একাধিকবার বিয়ে করেছেন। বর্তমানে বৃদ্ধ অনশন ভেঙেছেন।