শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমজাতীয়জলাশয় রক্ষা ও দেশি মাছের বৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে সরকার: ফরিদা আখতার

জলাশয় রক্ষা ও দেশি মাছের বৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে সরকার: ফরিদা আখতার

favicon
অনলাইন সংস্করণ
জলাশয় রক্ষা ও দেশি মাছের বৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে সরকার: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সারা দেশের জলাশয়গুলো রক্ষায় সরকার অব্যাহতভাবে কাজ করবে এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আজ সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত দ্বিতীয় দিনের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।


ফরিদা আখতার জানান, এ বছরের স্লোগান “অভয় আশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” বাস্তবায়নে দেশের মৎস্যজীবীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি মৎস্যজীবীদের উদ্দেশে বলেন, “আপনারা কষ্ট করে মানুষের খাদ্য সরবরাহ করছেন, দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে সবসময় পাশে থাকবে।”


র‌্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মৎস্য মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, মেলায় অংশগ্রহণকারীরা দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে ঘনিষ্ঠভাবে জানতে পারবে।


অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।


এবারের মেলায় মৎস্য খাতে ব্যবহৃত আধুনিক উপকরণ ও প্রযুক্তি প্রদর্শনের জন্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)সহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।


উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।