টেকনাফে বিজিবির অভিযানে এক লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে পাচারের পরিকল্পনার তথ্য আগে থেকেই গোয়েন্দাদের মাধ্যমে পাওয়া যায়। তথ্য অনুযায়ী, চোরাকারবারিরা জেলের ছদ্মবেশে নাফ নদী হয়ে ইয়াবা আনবে বলে ধারণা করা হয়।
এরপর বিজিবি নাফ নদীতে টহল জোরদার করে। দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশ করলে বিজিবি সেটি ধাওয়া করে। তবে নৌকায় থাকা দুই চোরাকারবারি নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতরে মোড়ানো একটি প্যাকেট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যদিও কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে চক্রটির সঙ্গে জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “বিজিবি সবসময় সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ কার্যক্রম ও অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি অটুট থাকবে।