উত্তর কোরিয়ায় অস্ত্র পাচারের দায়ে চীনা নাগরিকের ৮ বছরের কারাদণ্ড
উত্তর কোরিয়ায় অস্ত্র ও সামরিক সরঞ্জাম চোরাচালানের দায়ে এক চীনা নাগরিককে আট বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৪২ বছর বয়সী শেংহুয়া ওয়েন ক্যালিফোর্নিয়া থেকে এসব সামগ্রী উত্তর কোরিয়ায় পাঠিয়ে এর বিনিময়ে প্রায় ২০ লাখ ডলার গ্রহণ করেছিলেন।
ওয়েন ক্যালিফোর্নিয়ার অন্টারিওর বাসিন্দা। তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক রয়েছেন। গত জুনে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন লঙ্ঘনের ষড়যন্ত্র এবং বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন।
বিচার বিভাগ জানায়, ওয়েন ২০১২ সালে শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি থেকে যান এবং ‘অবৈধ অভিবাসী’ হিসেবে পরিচিত হন।
ওয়েনের স্বীকারোক্তি অনুযায়ী, উত্তর কোরিয়ার কূটনীতিকরা তাকে অস্ত্র সংগ্রহের নির্দেশ দিয়েছিলেন। ২০২২ সালে দুই উত্তর কোরিয়ার কর্মকর্তা অনলাইন মেসেজের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করে পাচার পরিকল্পনা শুরু করেন।
২০২৩ সালে তিনি অন্তত তিনটি কনটেইনারে অস্ত্র চীনে পাঠান, যা শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার নামপো বন্দরে পৌঁছে। এসব চালান ভুয়া ঘোষণার মাধ্যমে পাঠানো হয়। এমনকি একটি চালানে ফ্রিজ লেখা থাকলেও তাতে অস্ত্র ছিল।
এছাড়া, ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়েন প্রায় ৬০ হাজার রাউন্ড গুলি, রাসায়নিক হুমকি শনাক্তকরণ যন্ত্র এবং ব্রডব্যান্ড রিসিভারের মতো সংবেদনশীল প্রযুক্তি সংগ্রহ করেছিলেন, যা উত্তর কোরিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অনুযায়ী, উত্তর কোরিয়ায় কোনো ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ। যুক্তরাষ্ট্রও আলাদাভাবে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও ওয়েন জানতেন কাজটি অবৈধ হলেও উত্তর কোরিয়ার কর্মকর্তাদের নির্দেশে এসব কার্যক্রম চালান বলে স্বীকার করেছেন।
সূত্র: বিবিসি