সোনারগাঁয়ে র্যাবের অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাব-১১-এর পৃথক দুটি অভিযানে একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও এক ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ও রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, প্রথম অভিযানে সোনারগাঁয়ের বারদী বাজার এলাকা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফ হোসেন (২৭) কে আটক করা হয়। তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় রয়েছে।
অন্যদিকে রাত ১০টার দিকে সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় দ্বিতীয় অভিযানে ডাকাত দলের সর্দার মামুন (২৫) কে আটক করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও মাদক মামলা রয়েছে।
র্যাব-১১ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।