এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাইভেটকার দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকারের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হাসারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, চাকা পাংচারের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।