হবিগঞ্জে সিএনজি স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে গেল ৯ অটোরিকশা ও বাস
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে গেছে ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস স্টেশনে দাঁড়িয়ে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই বাসে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে পাশে থাকা অটোরিকশাগুলোতে।
খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যক্রমে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন লাগেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। ফলে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে স্টেশনটি।