শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিশ্বমানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই
‘কট ইন প্রভিডেন্স’-খ্যাত মার্কিন বিচারক ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ

মানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

favicon
অনলাইন সংস্করণ
মানবিক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও আর নেই

কট ইন প্রভিডেন্স’ নামের টেলিভিশন শোতে মানবিক রায় ও সহানুভূতিশীল আচরণের জন্য বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও। এবার সেই ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ আর নেই। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


গত বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, ‘‘বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘ ও সাহসী লড়াইয়ের পর শান্তিপূর্ণভাবে পৃথিবী ছেড়ে গেছেন। তিনি দয়া, নম্রতা ও মানুষের কল্যাণে বিশ্বাসের জন্য সর্বজনপ্রিয় ছিলেন।’’


পরিবার এক বিবৃতিতে জানায়, তিনি শুধু একজন সম্মানিত বিচারকই নন, ছিলেন স্নেহশীল স্বামী, পিতা, দাদা, প্রপিতামহ এবং সবার প্রিয় বন্ধু। তার ছেলে ডেভিড ক্যাপ্রিও জানান, ২০২৩ সালে তার ক্যান্সার ধরা পড়ে। মৃত্যুর সময় পাশে ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।


ফ্রাঙ্ক ক্যাপ্রিওর জনপ্রিয়তা আসে আদালতে তার মানবিক দৃষ্টিভঙ্গির কারণে। ট্রাফিক ও পার্কিং ভায়োলেশনের মামলার শুনানিতে সাধারণ মানুষের গল্প মনোযোগ দিয়ে শুনতেন তিনি। তার এই ভিন্নধর্মী বিচার কার্যক্রম নিয়ে তৈরি হয় টেলিভিশন শো ‘কট ইন প্রভিডেন্স’, যা ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রচারিত হয় এবং তুমুল জনপ্রিয়তা পায়। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়। তার আদালতের বহু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিয়মিত।


তিনি ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরের মিউনিসিপ্যাল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর কয়েক মাস আগে তিনি নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে বই প্রকাশ করেন—‘Compassion in the Court: Life-Changing Stories from America’s Nicest Judge’।


বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ তাকে মনে রাখবে একজন সহানুভূতিশীল ও মানবিক বিচারক হিসেবে। ২০২৩ সালের ৬ ডিসেম্বর নিজের অসুস্থতার খবর ভক্তদের জানিয়ে তিনি প্রার্থনার আহ্বান জানিয়েছিলেন—‘‘আমার জন্য প্রার্থনা করুন, আপনার দোয়া আমাকে শক্তি দেবে।’’


সূত্র : আল-অ্যারাবিয়া