শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমসারা দেশঢাকা-সিলেট মহাসড়কে বিস্ফোরণ: ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি স্টেশন কর্তৃপক্ষের

ঢাকা-সিলেট মহাসড়কে বিস্ফোরণ: ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি স্টেশন কর্তৃপক্ষের

favicon
অনলাইন সংস্করণ
ঢাকা-সিলেট মহাসড়কে বিস্ফোরণ: ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি স্টেশন কর্তৃপক্ষের

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি সিএনজিচালিত অটোরিকশা, একটি বাস এবং পুরো স্টেশন পুড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছয়জন। তাদের সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস স্টেশনের সহকারী ম্যানেজার শোয়েব আহমদ দাবি করেছেন, এতে অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে একটি বাস স্টেশনে আসে। সকাল ৬টার দিকে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে গ্যাস নিতে আসা চালক ও যাত্রীরা দিগ্বিদিক ছুটতে শুরু করেন। তবে সিএনজি স্টেশনের কর্মী রাসেল (২৫), ম্যানেজার জয়নাল আবেদিন (৪০) এবং চারজন সিএনজিচালক গুরুতর দগ্ধ হন।


শোয়েব আহমদ জানান, “আমরা তিনতলায় ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে উঠে দেখি চারদিকে আগুন। প্রাণ বাঁচাতে আমরা তিনতলা থেকে লাফ দিয়ে পাশের ধানক্ষেতে পড়ি।”


হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে স্টেশনের ১০টি সিএনজি, একটি বাস এবং পুরো পাম্প ভস্মীভূত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।