খুলনায় ভৈরব নদে ফেরি-ট্রলার সংঘর্ষে ৩ যাত্রী নিখোঁজ
খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী ট্রলার থেকে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে জেলখানা ঘাট ও সেনেরবাজার ঘাটের মাঝামাঝি নদীতে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর বিষয়টি নিশ্চিত করে জানান, জেলখানা ঘাট থেকে ছেড়ে যাওয়া ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা তিন যাত্রী নদীতে পড়ে নিখোঁজ হন।
নিখোঁজদের মধ্যে রূপসা উপজেলার আইচঘাতী ইউনিয়নের এক বাসিন্দা রয়েছেন। এছাড়া আরও এক নারী ও একটি শিশু নিখোঁজ রয়েছেন; তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে বলে জানান তিনি।