শনিবার , ২২ আগস্ট ২০২৬
শনিবার , ২২ আগস্ট ২০২৬
হোমবিশ্বশ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

favicon
অনলাইন সংস্করণ
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার

রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (২২ আগস্ট) এএফপি জানিয়েছে, ৭৬ বছর বয়সী এই সাবেক নেতা তার ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের লন্ডন সফর নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন।


অভিযোগ রয়েছে, তিনি রাষ্ট্রপ্রধান থাকাকালীন স্ত্রীর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি অর্থ ব্যবহার করেন। ওই সফরটি হাভানায় জি-৭৭ সম্মেলনে যোগ দেওয়ার পর লন্ডনের উদ্দেশ্যে করা হয়। ফলে তার বিরুদ্ধে ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।


রনিলের গ্রেফতারকে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার সাবেক রাষ্ট্রপ্রধানদের আর্থিক অনিয়ম তদন্তে কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতায় আসার পর অনুরার সরকার ইতোমধ্যে একাধিক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করেছে। দুইজন সাবেক জ্যেষ্ঠ মন্ত্রী দুর্নীতির মামলায় সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড পেয়েছেন। এছাড়া মাহিন্দা রাজাপাকসে পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগ রয়েছে।


২০২২ সালে গণঅভ্যুত্থানের পর গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন রনিল। তবে ২০২৪ সালের নির্বাচনে পরাজয়ের ফলে ক্ষমতা হারান তিনি। তার আগে সাতবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রবীণ এ রাজনীতিক।


অন্যদিকে, রনিলের সমর্থকেরা বলছেন, এই গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সরকারের সমালোচকদের আশঙ্কা, এ ঘটনায় শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।