সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণ, একই পরিবারের ৯ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পাইনাদি পূর্বপাড়া ফ্যাক্টরির গলির জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের শিশু ও নারীসহ ৯ জন দগ্ধ হয়েছেন।
খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন— তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)।
প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তাহেরা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি ৮ জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।
অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। স্থানীয়রা জানান, সম্প্রতি মৃত্যুবরণ করা আব্দুর রশিদের পরিবার ওই বাড়িতে ভাড়া থাকতেন। তিন মেয়ে জামাই ও নাতি-নাতনিসহ তারা তিনটি কক্ষে থাকতেন। বিস্ফোরণে দুটি কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।