কক্সবাজারে রোহিঙ্গার পেট থেকে আড়াই হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২২ আগস্ট) রাতে হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে বিশেষ প্রক্রিয়ায় তার পেটের ভেতর থেকে ৪৭টি প্যাকেটে মোড়ানো প্রায় আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর দাবি, আব্দুল্লাহ একটি সক্রিয় ইয়াবা পাচার চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে এই চক্র অভিনব পদ্ধতিতে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করে আসছিল। আটক যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।