পেন্টাগনের গোয়েন্দা প্রধানসহ তিন জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুসসহ তিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। শুক্রবার এ পদক্ষেপ নেওয়া হয় বলে রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে পেন্টাগনের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার সর্বশেষ ঘটনা এটি।
তাৎক্ষণিকভাবে ক্রুসকে কেন অপসারণ করা হয়েছে তা স্পষ্ট নয়। প্রথমে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করে। রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ক্রুস ছাড়াও নৌবাহিনীর রিজার্ভ বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর বিশেষ যুদ্ধ কমান্ডের কমান্ডারকেও বরখাস্ত করা হয়েছে। তবে কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।
মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সহ-সভাপতি সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, “জাতীয় নিরাপত্তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের বারবার অপসারণের ঘটনা প্রমাণ করে ট্রাম্প প্রশাসন গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের সুরক্ষার বদলে আনুগত্য যাচাইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”
এ পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে বর্তমান ও সাবেক সামরিক, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হচ্ছে যদি তাদের অবস্থান প্রেসিডেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়।
এর আগে চলতি বছরের এপ্রিলে ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) পরিচালক জেনারেল টিমোথি হগকে বরখাস্ত করেছিলেন। একই অভিযানে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডজনখানেক কর্মকর্তা চাকরি হারান।