খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার
খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ হওয়া আকাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুই দিন পর শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
নিহত আকাশ রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে।
রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ জানান, স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনার উদ্দেশে রওনা দেয়।
এর আগে গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বৈরী আবহাওয়ার কারণে জেলখানা ঘাট এলাকায় একটি ফেরির সঙ্গে যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এ সময় ট্রলার থেকে তিনজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হলেও আকাশ নিখোঁজ ছিলেন। পরে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ টানা অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। দুই দিন পর আজ তার মরদেহ উদ্ধার হলো।