রংপুরে কিডনি-ক্যান্সার-হৃদরোগের জন্য ৫৬০ শয্যার হাসপাতাল হবে
রংপুরে কিডনি, ক্যান্সার ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসার জন্য ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রয়োজনীয় বাজেট ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য জানান।
তিনি বলেন, “রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যার তুলনায় রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেক রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে সরকার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান সরকারের মেয়াদে না হলেও আগামী সরকার এ প্রকল্প বাস্তবায়ন করবে।”
সরকারি হাসপাতালগুলোর সেবা ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগের কথাও উল্লেখ করেন নূরজাহান বেগম। তিনি জানান, সরঞ্জামাদি কেনাকাটায় ই-জিপি পদ্ধতি চালু হলে অনিয়ম ও সিন্ডিকেট ভাঙতে সহায়তা করবে। পাশাপাশি স্বাস্থ্যখাত থেকে সকল ধরনের সিন্ডিকেট নির্মূলের চেষ্টা চলছে।
করোনা মহামারির সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তাদের ত্যাগ জাতি কখনো ভোলার নয়। তবে যেসব ব্যক্তি সিন্ডিকেট বা অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রংপুর শিশু হাসপাতাল প্রসঙ্গে উপদেষ্টা জানান, “হাসপাতালটি চালু না করার কোনো কারণ নেই। তবে এজন্য প্রয়োজন জনবল ও আধুনিক যন্ত্রপাতি। আগের সরকার এ বিষয়ে কোনো পরিকল্পনা নেয়নি, কিন্তু বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।”
এছাড়া রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার অব্যবস্থাপনা দূর করতে ও রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।