গাজায় বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ
গাজায় আটক ইসরায়েলি বন্দিদের পরিবার ও সমর্থকেরা যুদ্ধবিরতির দাবিতে তেলআবিবসহ বিভিন্ন স্থানে মন্ত্রীদের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন।
‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম’ জানায়, বিক্ষোভকারীরা প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর, মন্ত্রী এলি কোহেন, মিরি রেগেভ ও আভি ডিখটারের বাসভবনের সামনে জড়ো হন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় আটক ইসরায়েলি সেনা নিমরোদ কোহেনের বাবা ইহুদা কোহেন কাটজের বাড়ির সামনে উপস্থিত ছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“৬৮৮ দিন হয়ে গেছে। আমি মনে করিয়ে দিতে এসেছি, সেই ইসরায়েলি সৈনিক, যাকে একটি ত্রুটিপূর্ণ ট্যাংকে দেশের নিরাপত্তার জন্য পাঠানো হয়েছিল, সে এখনও গাজার সুড়ঙ্গে বন্দি। আপনি যদি সত্যিই প্রতিরক্ষামন্ত্রী হয়ে থাকেন, তাহলে প্রতিরক্ষকের মতো আচরণ করুন, যুদ্ধমন্ত্রীর মতো নয়।”
ইসরায়েলি কর্তৃপক্ষের তথ্যমতে, হামাসের নেতৃত্বাধীন হামলায় দক্ষিণ ইসরায়েলে ১,২০০ জনের বেশি নিহত হন এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এখনও অন্তত ৫০ জন বন্দি গাজায় রয়েছেন, যাদের মধ্যে আনুমানিক ২০ জন জীবিত আছেন।