বরিশাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশের বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।
এর আগে গত ১৭ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় তৌহিদের বাবা মো. নাসির উদ্দীন সাথীকেও গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, যাত্রাবাড়ী থানায় গত বছরের ৩০ আগস্ট ওই হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে। মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তালিকায় দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
মামলায় তৌহিদ আফ্রিদি ১১তম আসামি এবং তার বাবা ২২তম আসামি হিসেবে নাম রয়েছে। মোট ২৫ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।