গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত বেড়ে ৪২
গাজা শহরে নতুন সামরিক অভিযান শুরুর প্রস্তুতির মধ্যেই আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববারের এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
এরপর সোমবার ইসরায়েলি সেনারা গাজার নাসের হাসপাতালে ভয়াবহ হামলা চালায়। এতে তিন সাংবাদিকসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
এএফপিকে দেওয়া তথ্যে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শহরের আশপাশে একাধিক দফায় বিমান হামলা চালানো হয়েছে। আল-সাবরা এলাকায় হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। তার দাবি, “এখন পর্যন্ত মোট ৪২ জন নিহত হয়েছেন।” তবে ইসরায়েলি সেনারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আল-সাবরার এক বাসিন্দা ইব্রাহিম আল-শুরাফা এএফপিকে বলেন, “পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। আমরা আর সহ্য করতে পারছি না।”
গাজায় সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত থাকায় নিহতদের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ইসরায়েলি পরিকল্পিত দুর্ভিক্ষের কারণে শিশুদের খাদ্যের অভাবে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। তাদের বাঁচাতে চিকিৎসকদের হাতে আর কোনো উপায় নেই।
ইসরায়েলি বাহিনী জয়তুন ও সাবরা এলাকায় হামলা আরও জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, শহর দখল করে স্থানীয়দের দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এ অভিযান চালানো হচ্ছে।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬২ হাজার ৬৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
📌 সূত্র : এএফপি, আল জাজিরা