লেখক ও গবেষক বদরুদ্দীন উমর আর নে
লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আর নেই। রোববার সকাল ১০টার পরপরই রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় এক মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আজ সকালে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বর্ধমান শহরে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। ১৯৪৮ সালে বর্ধমান টাউন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৫০ সালে বর্ধমান রাজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৫৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দর্শন বিষয়ে। ১৯৬১ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে (পিপিই) ডিগ্রি লাভ করেন।
শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়ে ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। একইসঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগও তার হাত ধরে যাত্রা শুরু করে। ১৯৬৮ সালে পদত্যাগ করেন তিনি।
রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সমন্বয়কারী এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে সংস্কৃতি নামক রাজনৈতিক সাময়িকীর সম্পাদক ছিলেন। ১৯৭৫ সালে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটির সদস্য হন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।