কোনো দলের হয়ে নয়, স্বচ্ছভাবে কাজের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এ নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ধৈর্য ও মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সবকিছু মোকাবিলা করতে হবে। কাজকর্ম যত স্বচ্ছ হবে, জনগণের আস্থাও তত বাড়বে। আশা করি, এবার নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। অতীতের বাজে নির্বাচনগুলো ভুলে যেতে হবে।”
দুর্নীতি ও মাদক কমাতে কার্যকর উদ্যোগ নেয়ার ওপরও জোর দেন তিনি।
গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা প্রচার করা হলেও সফলতাগুলো গুরুত্ব পায় না।
এ সময় তিনি জানান, অপারেশন ডেভিলহান্ট এখনও চলমান রয়েছে এবং প্রতিটি থানায় ফ্যাসিস্টদের তালিকা পাঠানো হয়েছে। জামিনে ছাড়া পাওয়া অপরাধীরা অপরাধে জড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি ও পোস্টিং করা হবে বলেও জানান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী বলেন, জুলাই-আগস্টের পর পুলিশকে নতুনভাবে তৈরি করা হয়েছে, আর জাতীয় নির্বাচন হবে তার চূড়ান্ত পরীক্ষা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন হবে পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। চাপের মধ্যেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।