ফরিদপুরে পাগলা ঘোড়ার আতঙ্ক: নারীসহ আহত অন্তত ১০ জন
ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ঘোড়াটি যাকে দেখছে তাকেই তেড়ে গিয়ে আক্রমণ করছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বোয়ালমারী পৌর সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় দুইটি ঘটনায় আতঙ্ক আরও বাড়ে। এর আগে গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে অন্তত ৮ জন ঘোড়াটির কামড়ে ও লাথিতে আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন—গুণবহা গ্রামের গণমাধ্যমকর্মী কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)।
ব্যবসায়ী রুবেল মিয়া জানান, সকালে দোকান খোলার সময় ঘোড়াটি তাকে আক্রমণ করতে আসে। লাঠি দিয়ে ধাওয়া করলে ঘোড়াটি দূরে চলে যায়। তার আগেই গণমাধ্যমকর্মী কাজী ফিরোজকে কামড় দেয়।
আহত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার জন্য মোটরসাইকেলে বের হলে চৌরাস্তা এলাকায় পাগলা ঘোড়াটি হঠাৎ এসে কোমরে কামড় দেয়। এতে তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে কয়েকজন চিকিৎসা নিয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা ও ইনজেকশন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুর কামড়ানোর পর থেকেই ঘোড়াটি এমন আচরণ করছে।