ডাকসু নির্বাচনে ভোট দিলেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সিনেট ভবনে ভোট প্রদানের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
শামীম হোসেন অভিযোগ করে বলেন, তার ভোট কমানোর উদ্দেশ্যে সাইবার আক্রমণ ও প্রোপাগান্ডা চালানো হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ এবং তারা সঠিক সিদ্ধান্ত নেবেন।
ভোটের পরিবেশ নিয়ে তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো আশঙ্কা নেই, পরিবেশ সুন্দর আছে এবং তিনি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন।
এদিন সকাল ৮টা থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ৪টার আগে লাইনে দাঁড়ানো সবাই ভোট দিতে পারবেন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসকে কঠোর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, টিএসসি এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন রয়েছেন।
ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।