ভাঙ্গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অচল ২১ জেলার যোগাযোগ
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) একই দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন তারা।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদেই স্থানীয়রা ঢাকা-গোপালগঞ্জ-খুলনা, ঢাকা-ভাঙ্গা-বরিশাল এবং ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক অবরোধ করেন।
সকাল সোয়া ৮টা থেকে একে একে তিনটি মহাসড়কেই যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং সড়কে বসে স্লোগান দিতে থাকেন। এতে শতাধিক গাড়ি আটকা পড়ে। তবে অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীবাহী গাড়ি চলাচলের সুযোগ দেওয়া হয়।
ভাঙ্গার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, দুটি ইউনিয়ন অন্য আসনে যুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেনও জানিয়েছেন, বর্তমানে ভাঙ্গা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।