বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দেশে কীটনাশকের ব্যবহার ৫ বছরে বেড়েছে ৮১%

দেশে কীটনাশকের ব্যবহার ৫ বছরে বেড়েছে ৮১%

favicon
অনলাইন সংস্করণ
দেশে কীটনাশকের ব্যবহার ৫ বছরে বেড়েছে ৮১%

জলবায়ু পরিবর্তন ও ফসলে রোগবালাই বেড়ে যাওয়ার কারণে গত পাঁচ বছরে দেশে কীটনাশকের ব্যবহার ৮১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ধান, শাকসবজি, ফলমূল থেকে শুরু করে মাছ চাষেও ব্যাপক হারে ব্যবহার হচ্ছে কীটনাশক।


রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘জার্নালিস্ট ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অন পেস্টিসাইড রিস্ক রিডাকশন’ কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালার আয়োজন করে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল (কাবি)।


গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কীটনাশকের ব্যবহার প্রায় ১০ গুণ বেড়েছে।


১৯৭২ সালে ব্যবহার ছিল মাত্র ৪ হাজার টন,


১৯৯৭ সালে তা দাঁড়ায় ১১ হাজার ৩৬৭ টন,


২০২২ সালে পৌঁছায় ৩৯ হাজার ২৪৩ টন।

২০২৩ সালেও প্রায় একই মাত্রায় ব্যবহার হয়েছে (৩৯ হাজার ১৫৭ টন)।


বর্তমানে দেশে ৮,০১৩টি কীটনাশক নিবন্ধিত, এর মধ্যে বাজারে ব্যবহার হচ্ছে ৩৬৩টি। নিবন্ধিত কোম্পানির সংখ্যা ৭৫৪টি। বাজারের আকার দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম বলেন, খাদ্য উৎপাদন বেড়েছে, তবে নিরাপদ খাদ্য উৎপাদন সে হারে বাড়েনি। তিনি জানান, ২০৫০ সালের মধ্যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে।


ডিএইর সাবেক মহাপরিচালক আব্দুল মুঈদ জানান, দেশে ক্যান্সার আক্রান্তদের ৬৪ শতাংশই কৃষক। সরাসরি কীটনাশক স্প্রে করার সময় তারা মারাত্মকভাবে আক্রান্ত হচ্ছেন।


কাবির প্রজেক্ট কোঅর্ডিনেটর ড. দিলরুবা শারমিন জানান, শুধু কৃষি নয়, মাছ চাষেও কীটনাশক ব্যবহার বেড়েছে, বিশেষ করে শুটকিতে, যা ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে।


কাবির প্রতিনিধি ড. সালেহ আহমেদ বলেন, কীভাবে কীটনাশকের ব্যবহার সীমিত করা যায়, সে বিষয়ে গবেষণা চলছে।


এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট কমিউনিকেশন ম্যানেজার আজমত আব্বাস বলেন, কৃষকদের সচেতন করতে হবে—সব সময় কীটনাশকই সমাধান নয়। বিকল্প হিসেবে জৈব কীটনাশক বা সমন্বিত পোকা ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতি ব্যবহার করতে হবে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনাও শক্তিশালী করতে হবে।


আলোচকরা সতর্ক করেন, কীটনাশক নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ক্যান্সারসহ প্রাণঘাতী রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ভয়াবহভাবে বাড়বে। তাই কৃষক, ভোক্তা, সরকার ও কোম্পানিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।