এক মাস বিরতির পর ফের বাড়ছে তিস্তার পানি, শঙ্কায় নীলফামারীর মানুষ
এক মাস বিরতির পর নীলফামারীতে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। উজানের ঢলে রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘণ্টায় পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সকালে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচে থাকলেও ধাপে ধাপে পানি বাড়তে বাড়তে বিকেল ৩টায় তা বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নিচে নামে।
এদিকে পানির চাপ বৃদ্ধিতে জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। তবে এখনো কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের সব জলকপাট খোলা রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দিয়েছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও পানিবৃদ্ধির শঙ্কায় রয়েছে স্থানীয়রা।