সাইবার সুরক্ষা অধ্যাদেশে জুয়া, জালিয়াতি ও প্রতারণা অপরাধ ঘোষিত
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এ সাইবার জুয়া, জালিয়াতি ও প্রতারণাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নজরদারি জোরদার করেছে। মন্ত্রণালয় একই সঙ্গে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী—
সাইবার জুয়া: কোনো ব্যক্তি যদি অনলাইনে বা অ্যাপস/ডিভাইসের মাধ্যমে জুয়া খেলার প্ল্যাটফর্ম তৈরি, পরিচালনা, অংশগ্রহণ বা প্রচার-প্রসার করে, তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধে অনধিক ২ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।
সাইবার জালিয়াতি: সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতির শিকার করলে অনধিক ২ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
সাইবার প্রতারণা: সাইবার মাধ্যমে প্রতারণা করলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।
মন্ত্রণালয়ের মতে, এসব কঠোর শাস্তি সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।