সারা দেশে পাঁচ দিন টানা বৃষ্টির আভাস
সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত রংপুর ও রাজশাহী অঞ্চলের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সময়ে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সার্বিকভাবে প্রায় অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।