বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, আটকা দুই হাজারের বেশি পর্যটক

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, আটকা দুই হাজারের বেশি পর্যটক

favicon
অনলাইন সংস্করণ
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, আটকা দুই হাজারের বেশি পর্যটক

খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার।


প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জানমালের ক্ষতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিন সকাল থেকে নারী নির্যাতন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ শুরু হয়। এতে সাজেক ও খাগড়াছড়িতে আটকা পড়েন তিন হাজারের বেশি পর্যটক। সেনাবাহিনী আটকা পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।


অবরোধকারীরা চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কয়ারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে গাছের গুড়ি ফেলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৈশ কোচও আটকা পড়ে।


প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বুধবার থেকে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র-জনতা। আন্দোলনে সংহতি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।