দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (JTWC) জানিয়েছে, আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বুধবার (১ অক্টোবর) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, বর্ষা মৌসুম চলমান থাকায় বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির মতো পরিবেশ সচরাচর বিরাজ করে না। তবে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে।
এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে নিম্নচাপটি যদি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নামকরণ হবে ‘শক্তি’।