বাংলাদেশে পাচার দমন প্রচেষ্টা থাকলেও বিচার ও শাস্তিতে ঘাটতি: টিআইপি রিপোর্ট
গত এক বছরে বাংলাদেশে প্রায় ৩,৪১০ জন মানুষ পাচারের শিকার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ‘ট্রাফিকিং ইন পারসন্স (টিআইপি) রিপোর্ট ২০২৫’। সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাচারের শিকারদের মধ্যে ৭৬৫ জন যৌনপাচার, ২,৫৭২ জন জবরদস্তি শ্রম এবং ৭৩ জন বিভিন্ন ধরনের পাচারের শিকার হয়েছেন।
সরকারি হিসাবে এ সময়ে শনাক্ত হয়েছেন ১,৪৬২ জন ভুক্তভোগী। এর মধ্যে ১৪৪ জন যৌনপাচার, ২৮৫ জন জবরদস্তি শ্রম এবং ১,০৩৩ জন অন্যান্য পাচারের শিকার। আগের বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে (২০২৪ সালে ছিল ১,২১০ জন)।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় ৩০,০০০ কন্যাশিশু বৈধ ও অবৈধ যৌনপল্লি, হোটেল এবং অন্যান্য স্থানে যৌন শোষণের শিকার হচ্ছে।
টিআইপি রিপোর্ট দেশগুলোকে চারটি গ্রুপে ভাগ করেছে:
টিয়ার-১: ন্যূনতম মান পূরণকারী দেশ
টিয়ার-২: পূর্ণমান অর্জন না করলেও উল্লেখযোগ্য প্রচেষ্টা করছে (বাংলাদেশ, ভারত, ভুটান)
টিয়ার-২ ওয়াচলিস্ট: নেপাল, মালদ্বীপ
টিয়ার-৩: ন্যূনতম মানও পূরণে ব্যর্থ এবং যথেষ্ট প্রচেষ্টা করছে না (আফগানিস্তান)
রোহিঙ্গা পাচার
প্রতিবেদনে বলা হয়, বিগত সরকারের আমলে কিছু কর্মকর্তা অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের ক্যাম্পে প্রবেশের সুযোগ দিয়েছিলেন। ফলে অনেক রোহিঙ্গা শিশু দোকান, মাছ ধরা, গৃহকর্মীসহ বিভিন্ন কাজে জোরপূর্বক শ্রমে নিযুক্ত হয়েছে। এছাড়া তারা যৌন শোষণ, মাদক পাচার ও নির্যাতনেরও শিকার হচ্ছে।
মামলা ও বিচার
২০২৫ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৮১১টি মানবপাচার মামলায় তদন্ত হয়েছে। এর মধ্যে ১১৫টি যৌনপাচার, ২২৭টি শ্রমপাচার এবং ৪৬৯টি অন্যান্য ধরনের মামলা। বর্তমানে ৪,৪৮৪টি মামলা বিচারাধীন রয়েছে (২০২৩ সালে যা ছিল ৪,৯৬০)। তবে মানবপাচার দমন ট্রাইব্যুনাল বাড়ানোর ঘোষণা বাস্তবায়ন হয়নি।
চ্যালেঞ্জ ও সুপারিশ
টিআইপি রিপোর্টে বলা হয়, বাংলাদেশে পাচার প্রতিরোধ, ভুক্তভোগী শনাক্তকরণ ও পুনর্বাসনে কিছু অগ্রগতি হয়েছে। তবে পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত, বিচারের গতি এবং দোষীদের শাস্তি প্রদানে এখনো বড় ঘাটতি রয়েছে। বিশেষ করে যৌনপাচার, জোরপূর্বক শিশুশ্রম ও অবৈধ খাত নিয়ন্ত্রণে সরকারের কার্যকারিতা সীমিত।