৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা, টিকাদান কর্মসূচি হুমকির মুখে
নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের স্বাস্থ্য সহকারীরা। বুধবার (১ অক্টোবর) থেকে ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে এ কর্মসূচি চলছে।
কর্মবিরতির কারণে প্রতিদিন প্রায় ১৫ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ থাকায় দেড় লাখ মা ও শিশু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া ১২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কার্যক্রমও অনিশ্চয়তায় পড়েছে, ঝুঁকিতে রয়েছে প্রায় ৫ কোটি শিশু-কিশোর।
নেতাদের দাবি, আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। নিয়োগবিধি সংশোধন, স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতা সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা এবং ধারাবাহিক পদোন্নতি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না স্বাস্থ্য সহকারীরা।