ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ে ২০ কিমি যানজট, চরম ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে বুধবার (১ অক্টোবর) সকালে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে আষাড়িচর থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। ফলে যাত্রীরা গাড়িতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। অনেককে গন্তব্যে পৌঁছাতে পায়ে হাঁটতেও দেখা গেছে।
ভুক্তভোগী যাত্রী রাব্বি আহমেদ বলেন, “যানজট মোগড়াপাড়া থেকে সাইনবোর্ড ছাড়িয়ে গেছে। গাড়ি নড়ছেই না।” অপর এক যাত্রী সাব্বির হোসেন বলেন, “মদনপুরে অনেকক্ষণ ধরে বসে আছি। ঢাকা পৌঁছাতে কত সময় লাগবে বলা যাচ্ছে না।”
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বৃষ্টি ও গাড়ির চাপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে যানজট তৈরি হয়েছিল। বর্তমানে যানজট কিছুটা কমে গেছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।