বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মাতারবাড়ীতে নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

মাতারবাড়ীতে নিখোঁজের এক দিন পর যুবকের মরদেহ উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ

মহেশখালীর মাতারবাড়ীতে নিখোঁজের এক দিন পর মো. রুবেল (৩৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদের পাশের টাট্টিঘোনা এলাকার একটি মাছের প্রজেক্ট থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। নিহত রুবেল ওই এলাকার লাল মিয়ার ছেলে।


স্থানীয়রা জানান, রাতে কয়েকজন লোক মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তাদের সহযোগিতায় তা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে অসাবধানতাবশত পানিতে পড়ে রুবেলের মৃত্যু হয়েছে।


পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের সহায়তায় খোঁজ চালিয়ে যাচ্ছিল।


মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া জানান, স্থানীয়দের তথ্যমতে রুবেল মানসিক রোগী ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফনের ব্যবস্থা করা হবে।