বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যে সাংবাদিকদের জিডি

লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যে সাংবাদিকদের জিডি

favicon
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যে সাংবাদিকদের জিডি

লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর তিন সাংবাদিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


বুধবার (১ অক্টোবর) রাতে রায়পুর থানায় এই জিডি করেন তিন স্থানীয় সংবাদকর্মী— জাকির হোসেন (আমার দেশ), মোবারক হোসেন (গণমুক্তি) ও নাঈম হোসেন (সকালের সময়)।


কী লিখেছিলেন অভিযুক্ত কর্মকর্তা?


জানা যায়, ডা. মোফাজ্জল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই তিন সাংবাদিকের ছবি পোস্ট করে লেখেন— “সাংবাদিক লেবাসধারী লোকদের ভুয়া নিউজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন এবং সমাজের চাঁদাবাজি বন্ধ করুন। এখনই সময় উচিত জবাব এবং শিক্ষা দেওয়ার এসব কার্যকলাপের।”


এই পোস্টের পর সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন মহল এ ধরনের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


কর্মকর্তার দাবি


অভিযুক্ত ডা. মোফাজ্জল হোসেন সাংবাদিকদের চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “জাকিরসহ তিনজন আমার অফিসে এসে বিরক্ত করেছেন এবং চাঁদা দাবি করেছেন। তাই আমি ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি। অপসাংবাদিকদের বিরুদ্ধে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।”


সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া


রায়পুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ বলেন, “এ ধরনের অপপ্রচার সাংবাদিক সমাজ মেনে নেবে না। কর্মকর্তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগের বক্তব্য


রায়পুর থানার এসআই সুদীপ্ত নাথ দীপ্ত জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী ৫ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, “অনিয়ম থাকলে সাংবাদিকরা লিখতে পারেন। তবে অসত্য সংবাদ হলে আইনি ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সাংবাদিকদের নিয়ে ফেসবুকে অপপ্রচার ছড়ানো অনুচিত। বিষয়টি তদন্ত করা হবে।”