নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
নাটোর সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে সুজন কুমার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নাটোর-দয়রামপুর আঞ্চলিক সড়কের দিয়ারভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন লালপুর উপজেলার ফুলবাগান গ্রামের সুনিল কুমারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান।
পুলিশ জানায়, বুধবার (১ অক্টোবর) বিকেলে সুজন মোটরসাইকেল নিয়ে নওগাঁ জেলার আত্রাইয়ে আত্মীয়ের বাড়ি যান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে দিয়ারভিটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে পুকুরে পড়ে যান।
দুপুর ২টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।