টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, আটক পাচারকারী ২
কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী অভিযানে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ শিশু। কোস্টগার্ড জানিয়েছে, তাঁদের সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য পাহাড়ে জড়ো করা হয়েছিল। অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। এ সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাঁরা টেকনাফ উপজেলার বাসিন্দা হলেও বিকেল পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানব পাচার ও অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।
চলতি বছর এখন পর্যন্ত ২৩৯ জন নারী-শিশুসহ পাচার হওয়া ব্যক্তিকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ৭০ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শীত মৌসুমে এ ধরনের ঘটনার প্রবণতা আরও বেড়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।