ফতুল্লায় বাউল শিল্পী অনিকার রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল সংগীতশিল্পী আনিকা আক্তার অনিকা (১৯) রহস্যজনকভাবে মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে ভুইগড় এলাকার একটি ভাড়া বাসা থেকে স্বামী হাবিবুর রহমান (২৫) তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাবিবুরকে আটক করে। অনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অনিকা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাকুর গ্রামে। তাঁর বাবার নাম জাহাঙ্গীর আলম।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
তবে নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে অনিকাকে হত্যা করেছে তাঁর স্বামী হাবিবুর। এ দম্পতি ফতুল্লার ভুইগড় এলাকার মাস্টারের বাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন।