খাগড়াছড়ির গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১৫টির বেশি দোকান
খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টিরও বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস, বিজিবি এবং সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কর্তৃপক্ষের ধারণা, ইলেকট্রিক শর্ট সার্কিট, কয়েল, বা সিগারেটের আগুন থেকেও অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা আকস্মিক এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।