বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনিয়ে নিল আত্মীয়স্বজন

বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনিয়ে নিল আত্মীয়স্বজন

favicon
অনলাইন সংস্করণ
বগুড়ায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনিয়ে নিল আত্মীয়স্বজন

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।


জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু সেদিন রাতে নিজ গ্রামে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। এ সময় খবর পেয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে পৌঁছায়।


শিবগঞ্জ থানার এসআই আল মামুনের নেতৃত্বে রাজুকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। তবে থানায় নেওয়ার পথে তার কয়েকশ আত্মীয়স্বজন পুলিশকে লক্ষ্য করে হামলা চালায়। একপর্যায়ে হাতকড়াসহ রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয় তারা। এতে পুলিশের তিন সদস্য আহত হন।


পুলিশ সূত্রে জানা গেছে, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ মোট ১৬টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।


ঘটনার পর হাতকড়াসহ পলাতক রাজুকে পুনরায় ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।


তবে এ বিষয়ে জানতে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। থানার দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুলও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।