জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আজ রবিবার (৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের আগে সকালে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন বলে জানা গেছে।
এর আগে, গতকাল শনিবার জুলাই সনদ নিয়ে চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনা করে কমিশন। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত অভিমত ও প্রস্তাবনাগুলো পুনঃবিশ্লেষণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান এবং ড. মো. আইয়ুব মিয়া।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরির দিকনির্দেশনা নির্ধারণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।