হাতীবান্ধায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি: ত্রাণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। বন্যাদুর্গত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদানের জন্য মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে তারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার দোয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, তিস্তা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় বন্যায় বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সহায়তায় বিজিবি চাল, ডাল, চিড়া, তেল, আলু, পেঁয়াজ ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে। পাশাপাশি বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বিবেচনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়।
লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন,
“সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যেকোনো বিপর্যয়ে বিজিবি সবসময় জনগণের পাশে থাকে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে আমরা সর্বদা প্রস্তুত।”